
বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশ-এর অবস্থান এখন ৯৫তম, যা আগের সূচকে ছিল ৯৩তম। সর্বশেষ প্রকাশিত তালিকা অনুযায়ী, আগাম ভিসা ছাড়াই বাংলাদেশি পাসপোর্টধারীরা এখন বিশ্বের মোট ৩৬টি দেশে ভ্রমণের সুযোগ পাচ্ছেন।
Henley & Partners প্রকাশিত বৈশ্বিক পাসপোর্ট র্যাংকিংয়ে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে বার্বাডোজ, ভুটান, কেনিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, সেশেলস, বাহামাস, গাম্বিয়া, ত্রিনিদাদ ও টোবাগোসহ আরও কয়েকটি দেশ।
তবে এই সুবিধা সব ক্ষেত্রে একরকম নয়। কিছু দেশে পৌঁছানোর পর অন-অ্যারাইভাল ভিসা নিতে হয়, আবার কিছু দেশে প্রবেশের আগে ই-ভিসার প্রয়োজন পড়ে।
বৈশ্বিক তালিকায় এবারও শীর্ষ অবস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। দ্বিতীয় স্থানে যৌথভাবে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া এবং সংযুক্ত আরব আমিরাত।
তৃতীয় অবস্থানে রয়েছে সুইডেন। আর চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, সুইজারল্যান্ডসহ ইউরোপের একাধিক দেশ।